যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে কোনো চুক্তিতে পৌঁছাতে তিনি এখনো প্রস্তুত নন। এমন সময় মার্কিন মিত্র ইসরায়েল রোববার নতুন দফা হামলা চালিয়েছে এবং তেহরানের বিপ্লবী গার্ড ইসরাইলি নেতাকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছে।
ওয়াশিংটন ডিসি থেকে এএফপি জানায়. এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান আলোচনায় বসতে আগ্রহী বলে তিনি মনে করেন। তবে যুক্তরাষ্ট্র আরও ভালো শর্ত আদায়ের জন্য যুদ্ধ চালিয়ে যাবে এবং প্রয়োজনে আবারও ইরানের তেলকেন্দ্র খার্গ দ্বীপে হামলা চালাতে পারে, ‘শুধু মজার জন্য’ও।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর দুই সপ্তাহের বেশি সময় পার হলেও উভয় পক্ষই তাদের বক্তব্যে কোনো নরম অবস্থান নেয়নি। এদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়ায় অর্থনৈতিক ক্ষতি এবং হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়, কিন্তু এখনই তা করতে চাই না, কারণ শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।’ তিনি সতর্ক করেন, তেলবাহী জাহাজ চলাচলের পথ পরিষ্কার করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর উত্তরে ইরানের উপকূলীয় এলাকায় হামলা বাড়াতে পারে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি লিখিত বিবৃতিতে হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেছেন। তবে ট্রাম্প এ বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, তার প্রতিপক্ষ আদৌ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন কি না তা স্পষ্ট নয়। তিনি বলেন, ‘আমি জানি না তিনি আদৌ জীবিত আছেন কি না। এখন পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি।’ শনিবার ইরান বলেছে, ‘নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে কোনো সমস্যা নেই,’ যদিও তিনি এখনো জনসমক্ষে আসেননি।
সূত্র: এএফপি
এসজেড