ঢাকা | বঙ্গাব্দ

বিজয়কে সমর্থন দেয়ায় ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পেল কংগ্রেস

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মে, ২০২৬
বিজয়কে সমর্থন দেয়ায় ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পেল কংগ্রেস ফাইল ছবি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর বিজয় থালাপতির দল টিভিকে-কে সমর্থন করার সিদ্ধান্তের জন্য ডিএমকে’র মুখপাত্র সারাভানান আন্নাদুরাই তাদের মিত্র কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়েছেন।


এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন আন্নাদুরাই। তবে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনও একই মনোভাব পোষণ করেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি।


সারাভানান বলেন, তামিলনাড়ুর এই নির্বাচনে কংগ্রেস যে পাঁচটি আসন পেয়েছে, তা সম্ভব হয়েছে ডিএমকের সঙ্গে জোট করার কারণে। তা না হলে সাম্প্রতিক নির্বাচনে তারা কোনো আসনই পেত না।

 

এছাড়া বিজয়ের দল টিভিকে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপির ঘনিষ্ঠ বলে ইঙ্গিত করে, দলটির সঙ্গে জোট করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ডিএমকে’র মুখপাত্র। 

 

এনডিটিভি জানায়, অভিনেতা বিজয়ের দুই বছর বয়সি দল টিভিকে ১০৮টি আসন পেয়ে তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১১টি আসন কম।

 

দলটি বাইরের সমর্থনে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী। তারা ইতোমধ্যেই আদর্শগত কারণে বিজেপির সমর্থন প্রত্যাখ্যান করেছে এবং ডিএমকে-কে ‘খলনায়ক’ হিসেবে চিত্রিত করেছে।

 

তবে সারাভানান বলেন, ‘টিভিকে বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কখনও একটি কথাও বলেনি।’

 

নির্বাচনে বিজয়ের শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে বিজয়ের করা একটি পোস্টের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে জয়ের প্রথম ধন্যবাদ সে (বিজয় থালাপতি) তাকে নির্বাচিত করা রাজ্যের জনগণকে নয়, তাকে নির্বাচিত করা তার নির্বাচকমণ্ডলীর সদস্যদেরও নয়, তাকে নির্বাচিত করার জন্য কাজ করা তার দলের সদস্যদেরও নয়; প্রথম ধন্যবাদ জানিয়েছেন মোদিকে। আর রাহুল গান্ধী এই ধরনের একজন ব্যক্তিকে সমর্থন করতে চান?


বিজয় থালাপতির সঙ্গে জোটের ফলে ডিএমকে’র সঙ্গে কংগ্রেসের কয়েক দশকের পুরনো মৈত্রীর অবসান ঘটবে কি না, এমন প্রশ্নের জবাবে সারাভানান বলেন, ‘এই সিদ্ধান্ত কংগ্রেসকেই নিতে হবে’। 

 

সূত্র: এনডিটিভি


thebgbd.com/NIT