চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফে বুধবার (২ মে) সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে ইমামতি করেন দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
এ ছাড়া সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় আরেকটি জামাত অনুষ্ঠিত হয়, যার ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী।
১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী সৌদি আরবের অনুসরণে আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন প্রথা চালু করেন। তখন থেকেই এই রেওয়াজ অনুসরণ করছেন চাঁদপুরের কিছু নির্দিষ্ট গ্রামবাসী।
স্থানীয় যুবক রাসেল বলেন, ‘গতকাল ছিল আরাফার দিন, যা সারা পৃথিবীর জন্য এক দিনেই হয়।
যেমন কেয়ামত সারা দুনিয়ায় এক দিনেই হবে। সে হিসেবে আজই কোরবানির দিন, তাই আজ আমরা ঈদ পালন করছি।’
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও মতলব উপজেলার অন্তর্গত অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সাদ্রা, বলাখাল, অলিপুর, সমেশপুর, প্রতাপপুর, মনিহার, বাসারা, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উটতলি, কাইতাড়া, বদরপুর, মুন্সিরহাট, শোল্লা, গোবিন্দপুর, মোহনপুর, দশানী, পাঁচানীসহ আরো অনেক গ্রাম।
এসব গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মীয় আবহে উদযাপন করা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব।
thebgbd.com/NIT