যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোটের আট জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গত ১৪ আগস্ট আটজন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে বোটটি। কিন্তু মাঝপথে শ্যাফট বিকল হয়ে যাওয়ায় বোটটি অচল হয়ে পড়ে এবং সমুদ্রে ভেসে থাকে। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযানে নামে।
কোস্ট গার্ড দ্রুত মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫ নম্বর বয়া এলাকা থেকে বোটটিসহ আটজন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সরবরাহ শেষে ফিশিং বোটটিকে নিরাপদে হারবারিয়া এলাকার নদীতীরে পৌঁছে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা ও ত্রাণ তৎপরতা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এমন উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।”
thebgbd.com/NA