রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার সময় নিউমার্কেট এলাকার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।” তবে সংঘর্ষের প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানান ওসি মাহফুজুল হক।
এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে অনেক শিক্ষার্থী এলাকা ছেড়ে চলে যায় এবং সাধারণ মানুষ নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় টহল দিচ্ছেন।
thebgbd.com/NIT