ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ

সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। গতকাল বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ হন।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২৫
সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ ছবি : সংগৃহীত।

সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। গতকাল বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

আজ শুক্রবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে জিডির তথ্য নিশ্চিত করেছেন।

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মকত। এছাড়া, বিভিন্ন গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখেন। 

তার নিখোঁজের বিষয়ে পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হন বিভুরঞ্জন। ভুলে তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে সেখানে তাকে পাওয়া যায়নি।

পরে গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় নিখোঁজের জিডি করা হয় পরিবারের পক্ষ থেকে।

জিডির তদন্ত কর্মকর্তা এসআই অরূপ তালুকদার জানান, 'দেশের সব থানায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। তাকে খুঁজে পেতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

আজ শুক্রবার বিকেল ৫ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

ওসি গোলাম ফারুক জানান, সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে খুঁজে পেতে তদন্ত করা হচ্ছে।

thebgbd.com/NA