ঢাকা | বঙ্গাব্দ

উ. কোরিয়ার নতুন ২টি এডিএস

একটি ছবিতে দেখা যায়, কিম জং উন একজন সামরিক কর্মকর্তার ব্রিফিং শুনছেন, তার টেবিলের পাশে একটি দূরবীন রাখা।
  • অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট, ২০২৫
উ. কোরিয়ার নতুন ২টি এডিএস জেনারেলদের সঙ্গে কিম।

উত্তর কোরিয়া শনিবার দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের (এয়ার ডিফেন্স সিস্টেম বা এটিএস) পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষাটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।  দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শনিবার চালানো এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দেখা গেছে, ক্ষেপণাস্ত্রগুলোতে উন্নত যুদ্ধ সক্ষমতা এবং অনন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, দুটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে। 


এএফপি বলছে, ওই প্রতিবেদনে কেসিএনএ কোনো প্রযুক্তিগত বিশদ তথ্য প্রকাশ করেনি। শুধু বলেছে এগুলোর 'অপারেশন ও প্রতিক্রিয়া প্রক্রিয়া ভালো এবং বিশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। কোথায় পরীক্ষা চালানো হয়েছে সেই তথ্যও উল্লেখ করা হয়নি।


কেসিএনএ বলেছে, এই উৎক্ষেপণে দেখা গেছে, দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী। কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ছুটে যাচ্ছে। একটি ছবিতে দেখা যায়, কিম জং উন একজন সামরিক কর্মকর্তার ব্রিফিং শুনছেন, তার টেবিলের পাশে একটি দূরবীন রাখা।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য দিয়েছেন, যা আগামী দলীয় বৈঠকের আগে শেষ করতে হবে।


সূত্র: এএফপি


এসজেড