ইয়েমেনের রাজধানী সানায় রোববার ইসরায়েলের হামলায় কমপক্ষে ছয় জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বরাত দিয়ে সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এএফপি কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিদ্রোহী-অধিকৃত রাজধানীর আকাশে একটি বিশাল আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া নির্গত হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুথি-নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, হামলায় কমপক্ষে ছয় ব্যক্তি নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনেরও বেশি মানুষের অবস্থা গুরুতর। হুথিদের একটি নিরাপত্তা সূত্র এএফপি-কে জানিয়েছে যে, সানার মধ্যাঞ্চলে একটি ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। অন্যদিকে তাদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে, সানার দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি জ্বালানি ডিপোকে আঘাত করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতিদের বারবার হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে।’
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের সন্ধ্যায় হুথিরা ইসরাইলকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ‘মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি টুকরা টুকরা হয়ে গেছে’। সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল ও ওয়াইনেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে একটি ক্লাস্টার ওয়ারহেড ছিল। এটি ইয়েমেন থেকে ছোড়া এই ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র বলে জানা গেছে।
সূত্র: এএফপি
এসজেড