ঢাকা | বঙ্গাব্দ

আইনজীবীর দাবি তৌহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত বলে দাবি করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট খায়রুল ইসলাম।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট, ২০২৫
আইনজীবীর দাবি তৌহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত ছবি : সংগৃহীত।

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত বলে দাবি করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট খায়রুল ইসলাম। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

আদালতে তৌহিদ আফ্রিদির জামিন চাওয়ার সময় তার কিডনি জটিলতা এবং স্ত্রী গর্ভবতী হওয়ার বিষয়টি উল্লেখ করেন আইনজীবী।

রোববার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি তিনি। বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী তার বাবা। একই মামলায় তিনিও কারাগারে রয়েছেন।

আফ্রিদিকে সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তোলা হয়। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে হাজতখানা থেকে শুনানির জন্য তাকে এজলাসে তোলা হয়্য।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক খান মো. এরফান, আফ্রিদির বিরুদ্ধে আন্দোলনে হত্যাকাণ্ডে উসকানি ও অর্থদানের অভিযোগে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তিনি দাবি করেন, আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোকে "হত্যা করতে" উসকানি দিয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ পেতে রিমান্ড প্রয়োজন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল ইসলাম শুনানিতে বলেন, আফ্রিদি ক্যান্সার আক্রান্ত ও কিডনি জটিলতায় ভুগছেন, তার চিকিৎসাও চলছে। অতিরিক্ত হাঁটাচলায় তার প্রস্রাবের সঙ্গে রক্ত আসে। তার স্ত্রী গর্ভবতী এবং মামলার ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বাদী নিজেই এফিডেভিট দিয়ে জানিয়েছেন যে তথ্যগত ভুলে আফ্রিদির নাম মামলায় এসেছে। তাই জামিন মঞ্জুরের জন্য আদালতের কাছে মানবিক আবেদন করা হয়।

সব পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

thebgbd.com/NA