ঢাকা | বঙ্গাব্দ

পালাতে চেয়েছিলেন বলসোনারো

ফেডারেল পুলিশ সম্প্রতি প্রকাশ করেছে, বলসোনারো বারবার আদালতের যোগাযোগ বিধিনিষেধ লঙ্ঘন করেছেন।
  • অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট, ২০২৫
পালাতে চেয়েছিলেন বলসোনারো জাইর বলসোনারো

ব্রাজিলের প্রসিকিউটররা সোমবার সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে পুলিশের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টে তার বিচারের শেষ দিনগুলোর শুনানি চলছে। বামপন্থী প্রেসিডেন্টের ওয়ার্কার্স পার্টির ককাসের নেতা ডেপুটি লিন্ডবার্গ বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিল থেকে ‘পলায়নের সুনির্দিষ্ট ঝুঁকি’ রয়েছে বলে অভিযোগ করেন। ব্রাসিলিয়া থেকে এএফপি এ খবর জানায়।


২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। পরে তার বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে মামলা হয়। সুপ্রিম কোর্টে পাঠানো এক নোটে, প্রসিকিউটররা পুলিশকে ‘পূর্ববর্তী নিষেধাজ্ঞার অধীনে থাকা সাবেক নেতার নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের জন্য সার্বক্ষণিক কর্মী নিয়োগের’ আহ্বান জানিয়েছেন।


ফেডারেল পুলিশ সম্প্রতি প্রকাশ করেছে, বলসোনারো বারবার আদালতের যোগাযোগ বিধিনিষেধ লঙ্ঘন করেছেন। জব্দ করা একটি মোবাইল ফোনের বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে জানান, তিনি বিচারের অন্য আসামীদের সঙ্গে যোগাযোগ করেন এবং সাও পাওলো ও রিও ডি জেনিরোতে সমর্থকদের বিক্ষোভের ৩০০টি ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করেন।


পুলিশ আরও জানান, তারা ৩৩ পৃষ্ঠার একটি নথি পেয়েছে যাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের কাছে ‘রাজনৈতিক আশ্রয়ের অনুরোধের’ খসড়া রয়েছে, যা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান তদন্ত শুরু হওয়ার ক’দিন পরে লেখা হয়।


বলসোনারোর পক্ষের আইনজীবিরা জানান, ‘আর্জেন্টিনার  প্রেসিডেন্টের কাছে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি খসড়া আশ্রয়ের অনুরোধকে পালানোর প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না। সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে এই মামলার রায় দেবে বলে ধারণা করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে বলসোনারোর ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


সূত্র: এএফপি


এসজেড