ঢাকা | বঙ্গাব্দ

বেইজিং কুচকাওয়াজে পুতিন

বেইজিং বলছে, মোট ২৬ জন রাষ্ট্রপ্রধান এই কুচকাওয়াজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ২৮ আগস্ট, ২০২৫
বেইজিং কুচকাওয়াজে পুতিন ভ্লাদিমির পুতিন।

আগামী সপ্তাহে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ৮০ বছর পূর্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে এই ‘বিজয় দিবস’ এর কুচকাওয়াজ পালন করা হবে। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়। ১৯৫৯ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো নেতা চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন। 


এছাড়া বেইজিংয়েই কিম এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক করবেন পুতিন।  এটি কিমের প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বৈঠক, যা শি জিনপিংয়ের জন্য একটি কূটনৈতিক বিজয়, কারণ তিনি বেইজিং-নেতৃত্বাধীন একটি নতুন বিশ্বব্যবস্থার জন্য জোর দিচ্ছেন।


বেইজিং বলছে, মোট ২৬ জন রাষ্ট্রপ্রধান এই কুচকাওয়াজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে থাকছেন না।


এদিকে এই প্রথমবারের মতো চীনের সামরিক বাহিনীর নতুন কাঠামো কুচকাওয়াজে প্রদর্শিত হতে যাচ্ছে। এই প্যারেডে চীন তার সর্বশেষ অস্ত্রভাণ্ডার প্রদর্শন করবে বলে ধারণা করা হচ্ছে। এগুলোর মধ্যে শত শত এয়ারক্রাফট, ট্যাংক এবং অ্যান্টি-ড্রোন সিস্টেম থাকবে। অত্যন্ত সুশৃঙ্খল এই প্যারেডে হাজার হাজার সামরিক সদস্য তিয়েনআনমেন স্কয়ারে যোগ দেবেন। এতে চীনের সামরিক বাহিনীর ৪৫টি ইউনিটের সৈন্যদের পাশাপাশি প্রবীণ যোদ্ধারাও অংশ নেবেন। প্রায় ৭০ মিনিটের এ কুচকাওয়াজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পর্যবেক্ষণ করবেন। বিশ্লেষকরা এবং পশ্চিমা শক্তিগুলোও এই প্যারেড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে ধারণা করা হচ্ছে।


অন্যদিকে এমন এক সময়ে এই প্যারেড হচ্ছে যখন হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার এই অঞ্চলে থাকতে পারেন, যদিও সফর এখনো নিশ্চিত করা হয়নি। অন্যান্য বিষয়ের পাশাপাশি বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে শি জিনপিং এর সঙ্গে এসময় তার দেখা করার আগ্রহ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।


সূত্র: বিবিসি 


এসজেড