শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ও পর্দা নিয়ে ঘন ঘন সৃষ্টি হওয়া অস্থিরতার স্থায়ী সমাধান চেয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ধর্ম পালন করা নাগরিকদের একটি সাংবিধানিক অধিকার। অথচ ড্রেসকোডের অজুহাতে এ অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে, যা সংবিধানবিরোধী।
শায়খ আহমাদুল্লাহ লেখেন, শিখদের পাগড়ি তাদের ধর্মীয় প্রতীক। তারা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তা পরেই পড়াশোনা করে, এমনকি সামরিক ও সরকারি চাকরিতেও অংশগ্রহণ করে। তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হিজাব-নিকাব পরা ছাত্রীদের শিক্ষার অধিকার কোথায় গিয়ে ঠেকে?
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক ও প্রতীক ব্যবহারে একটি সুস্পষ্ট, সর্বজনস্বীকৃত নীতিমালা থাকা জরুরি। যেন বারবার এ নিয়ে বিতর্ক তৈরি না হয় এবং কোনো ব্যক্তি বা শিক্ষক অস্থিরতা সৃষ্টির সাহস না পায়।
thebgbd.com/NIT