ঢাকা | বঙ্গাব্দ

ঝুকিতে ‘ফ্রান্সের ভাগ্য’

বাইরু বলেছেন, ফ্রান্সের ভবিষ্যত নিশ্চিত করতে এবং দেশের ঋণ কমাতে ত্যাগ স্বীকার করতে হবে।
  • অনলাইন ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
ঝুকিতে ‘ফ্রান্সের ভাগ্য’ ফ্রাঁসোয়া বাইরু

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু গতকাল সোমবার বলেছেন, আসন্ন আস্থা ভোটে ফ্রান্সের ভাগ্য ঝুঁকির মুখে পড়েছে। তিনি বাজেটের অচলাবস্থা নিরসনের আহ্বান জানান। কিন্তু আশঙ্কা করা হচ্ছে তিনি ভোটে হেরে যাবেন। চারটি সংবাদ চ্যানেলের সাথে সাক্ষাৎকারে বাইরু বলেছেন, সংসদে ৮ সেপ্টেম্বরের ভোট ‘প্রধানমন্ত্রীর ভাগ্য’ নয় বরং ‘ফ্রান্সের ভাগ্য’ নির্ধারণ করবে।’ প্যারিস থেকে এএফপি এই খবর জানিয়েছে।


প্রধানমন্ত্রী সোমবার হতবাক করে বলেছেন, তিনি একটি বিভক্ত সংসদে ভোটের অনুরোধ করবেন। কারণ, তিনি তার সংখ্যালঘু সরকারের ব্যয় কমানোর পরিকল্পনার পক্ষে যথেষ্ট সমর্থন আদায়ের চেষ্টা করছেন - যদিও বিরোধী দলগুলো বলছে তারা তাকে সমর্থন করবে না।


৭৪ বছর বয়সী প্রধানমন্ত্রী ফ্রান্সইনফো, এলসিআই, বিএফএমটিভি এবং সিনিউজের সাক্ষাৎকারে বলেছেন, ‘মনে করি সামনের দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভেবে থাকেন, যে লড়াইগুলো লড়ছি, যে লড়াই এখানে লড়ছি, যে লড়াই বছরের পর বছর ধরে লড়ছি এবং ভবিষ্যতেও লড়তে থাকব, তাহলে ভুল ভাবছেন।’


বাইরু বলেছেন, ফ্রান্সের ভবিষ্যত নিশ্চিত করতে এবং দেশের ঋণ কমাতে ত্যাগ স্বীকার করতে হবে। তিনি বলেছেন, তিনি ছুটির সংখ্যা হ্রাস এবং ব্যয় বৃদ্ধির ওপর স্থগিতাদেশ অন্তর্ভুক্ত করে প্রায় ৪৪ বিলিয়ন ইউরো (৫১ বিলিয়ন মার্কিন ডলার) সাশ্রয় করতে চান। কিন্তু এই পদক্ষেপগুলো অত্যন্ত অজনপ্রিয় প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক এক জরিপ অনুসারে, ১০ জনের মধ্যে ৭ জন ফরাসি নাগরিক বলেছেন, তারা বাইরুকে আস্থা ভোট হারাতে চান।


বাইরুর জুয়া আশঙ্কা জাগিয়েছে যে, ফ্রান্স রাজনৈতিক ও আর্থিক অস্থিতিশীলতার একটি নতুন সময়ের ঝুঁকিতে রয়েছে। রোববারের শুরুতে বক্তৃতাকালে, বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন রাজনৈতিক শক্তিগুলোকে একটি আপস খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেছেন, তিনি উদ্বিগ্ন যে পঞ্চম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা পিতা চার্লস ডি গলের উত্তরাধিকার ঝুঁকির মুখে পড়বে। 


ডারমানিন এক বক্তৃতায় বলেছেন, ‘জেনারেল ডি গলের প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মুখে পড়বে যদি আমরা চতুর্থ প্রজাতন্ত্রের অস্থিতিশীলতার দিকে ফিরে যাই। সেখানে সরকার এসেছে এবং গেছে, যেখানে রাষ্ট্রের কর্তৃত্ব নিশ্চিত ছিল না, যেখানে প্রশাসনের কোনো নেতা ছিল না।’


সূত্র: এএফপি


এসজেড