ঢাকা | বঙ্গাব্দ

রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত: আবদুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারী এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ সেপ্টেম্বর, ২০২৫
রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত: আবদুল কাদের ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারী এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে এর কঠোর সমালোচনা করেছে 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল। অন্যদিকে, ছাত্রশিবির এই অভিযোগ অস্বীকার করে এর নিন্দা জানিয়েছে।


'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে আলী হুসেন নামের ওই হুমকিদাতার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তিনি বলেন, আলী হুসেনের ফেসবুক আইডিতে ছাত্রশিবিরের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আবদুল কাদের অভিযোগ করেন, ছাত্রশিবির ৫ আগস্টের পর থেকে এখনো গুপ্ত রাজনীতি করছে এবং তাদের কমিটি প্রকাশ করছে না।


তবে, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, যাকে শিবিরের নেতা বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, তারা নিজেরাই প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।


ঘটনার সূত্রপাত হয় যখন ডাকসু নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে এক শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দেন, যদিও পরে চেম্বার আদালত তা স্থগিত করেন। এর পরপরই সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী হুসেন ফেসবুকে রিটকারী ছাত্রীকে 'গণধর্ষণের' হুমকি দেন। তিনি পোস্টে লেখেন, "হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।"


আলী হুসেনের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন 'বৈষম্যবিরোধী ছাত্র সংসদ' প্যানেলের এজিএস প্রার্থী আশরেফা খাতুন। তিনি বলেন, তারা আশা করেছিলেন হাসিনা পালায়নের পর নারীদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হবে, কিন্তু এর পরিবর্তে নারীরা হেনস্তার শিকার হচ্ছে। তিনি সকল ছাত্রসংগঠনকে রাজনৈতিকভাবে নারীদের প্রতিরোধ করার আহ্বান জানান, যৌন হয়রানির মাধ্যমে নয়।


thebgbd.com/NA