ঘরের মাঠে শেষ ম্যাচেও জাদু দেখাতে ভুল করলেন না লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে ছিল মেসির শেষ ম্যাচ। আর বিদায়ী রাতটা গোল ছাড়া যে অসম্পূর্ণ থেকে যেত, সেটা যেন নিজেই বুঝেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে জুলিয়ান আলভারেজের নিখুঁত পাস থেকে মেসি উপহার দিলেন এক অনবদ্য ফিনিশ—একটি দারুণ চিপ শট, যা মুহূর্তেই উল্লাসে মাতলো মনুমেন্টাল স্টেডিয়ামের ৮০ হাজার দর্শক। আর্জেন্টিনা দেশের মাটিতে ৩-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।
পুরো ম্যাচে আধিপত্য দেখানো আর্জেন্টিনা প্রথম হাফে একটি এবং দ্বিতীয় হাফে দুইটি গোল করে। এরপর প্রথম হাফে আরও কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি আলবিসেলেস্তারা। ম্যাচের ৭৪তম মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন লাউতারো। মাঠে নামার চার মিনিটের মাথায় গোল করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। ৭৮তম মিনিটে নিকোলাস গঞ্জালেজের পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ।
৮০তম মিনিটে আবারও মেসির গোল। আলমাদার পাস থেকে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। ৮৯তম মিনিটে আরেকটি গোল করেছিলেন তিনি। তবে ভিএআরের সাহায্যে গোলটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা।
২০ বছর আগে এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মেসির। দিনটা ছিল ২০০৫ সালের ৯ অক্টোবর। প্রায় দুই দশক পর এই একই মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের শুরুটা করলেন মেসি।
thebgbd.com/NIT