স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করার আহ্বান জানিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, প্রশাসনের প্রতিটি সদস্যকে ধৈর্য ও ঠাণ্ডা মাথায় আইনি প্রক্রিয়ায় সব পরিস্থিতি মোকাবিলা করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য কাজে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। “আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, সাধারণ মানুষের কাছে তত আস্থা অর্জন করতে পারব,” উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। অতীতের নেতিবাচক নির্বাচন অভিজ্ঞতা ভুলে যেতে হবে। সমাজ থেকে দুর্নীতি ও মাদক কমিয়ে আনার দিকেও গুরুত্ব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের ব্যর্থতা জোরালোভাবে তুলে ধরা হলেও সফলতা তুলে ধরা হয় না।”
অপারেশন ‘ডেভিলহান্ট’ এখনো চলমান রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যেক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। অনেক অপরাধী জামিনে বের হয়ে পুনরায় অপরাধ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
তিনি আরও জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুলাই-আগস্টের পর নতুনভাবে প্রস্তুত হওয়া পুলিশের জন্য জাতীয় নির্বাচন হবে চূড়ান্ত পরীক্ষা।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। চাপের মধ্যেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
thebgbd.com/NA