দেশজুড়ে সরকার বিরোধী প্রাণঘাতী বিক্ষোভের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সোমবার মন্ত্রিসভায় রদবদল করে অর্থমন্ত্রী শ্রি মুল্যানি ইন্দ্রাবতিকে অপসারণ করেছেন। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইন্দোনেশিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব শ্রি মুল্যানি একসময় বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিন জন ভিন্ন প্রেসিডেন্টের আমলে অর্থমন্ত্রী ছিলেন। সাম্প্রতিক সময়ে আইনপ্রণেতাদের জন্য বিলাসবহুল সুবিধা দেওয়ার প্রতিবাদে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
প্রেসিডেন্টের এক ডিক্রিতে জানানো হয়, তার স্থলাভিষিক্ত হয়েছেন পুরবায়া ইউধি সদেওয়া। এরআগে তিনি ইন্দোনেশিয়া ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাবোও শ্রি মুল্যানিকে মন্ত্রিসভা থেকে অপসারণের কোনো কারণ জানাননি। তিনি প্রধান নিরাপত্তা মন্ত্রী বুদি গুনাওয়ান ও ক্রীড়া মন্ত্রী দিতো আরিওতেজোকেও সম্মানের সঙ্গে অব্যাহতি দিয়েছেন।
সেন্টার অব ইকোনমিক অ্যান্ড ল স্টাডিজের নির্বাহী পরিচালক ভিমা ইউধিস্তিরা আধিনেগারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রি মুল্যানির অপসারণ অবাক হওয়ার মতো কিছু নয়। তিনি বলেন, ন্যায্য কর ব্যবস্থার পক্ষে চাপ সৃষ্টি করতে না পারায় বিভিন্ন থিঙ্ক ট্যাংক ও সিভিল সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন মুল্যানিকে অপসারণের দাবি জানানো হচ্ছিল।
সূত্র: এএফপি
এসজেড