ঢাকা | বঙ্গাব্দ

ইসলামি দলগুলোর জোটের বিষয়ে পরিষ্কার বার্তা মামুনুল হকের

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ইসলামি দলগুলোর জোটের বিষয়ে পরিষ্কার বার্তা মামুনুল হকের ফাইল ছবি

আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই খেলাফত মজলিস প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, আমাদের প্রার্থী প্রস্তুত। ২৬৮ আসনে ইতিমধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা হয়েছে। অবশিষ্ট ৩২ আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত।


দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। 


তিনি আরও বলেন, এককভাবে নির্বাচন করলে আমরা হয়তো অনেক আসনে জয়ী হব না। তবে সারা দেশে আমাদের ভোট ব্যাংক তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের বিস্তৃতি ঘটবে। আর জোটের বিষয়ে এখনো চূড়ান্ত কিছু বলার সময় এসেছে বলে আমি মনে করি না।


মামুনুল হক বলেন, ভোট কীভাবে হবে সেটি এখনো নিশ্চিত নয়। এখানে একটি উচ্চকক্ষ গঠনের আলোচনা রয়েছে। উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে সেই প্রশ্নটিও রয়েছে। ঐকমত্য কমিশন থেকে উচ্চকক্ষে পিআর পদ্ধতির পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা রয়েছে। আবার সেই পদ্ধতির ওপর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। এসব বিষয় নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে।


সেই কারণে নির্বাচন একক না সম্মিলিতভাবে করা হবে-সে বিষয়টি এ মুহূর্তেই চূড়ান্ত কথা বলতে পারছি না। তবে বাংলাদেশ খেলাফতে মজলিস ঐক্যপ্রয়াসী একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা সবসময় ঐক্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি ইসলামি দলগুলো একত্রিত হয়ে আগামী নির্বাচনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে। অবশ্য বৃহত্তর জাতীয় স্বার্থে প্রয়োজন হলে যেকোনো শক্তির সঙ্গে আমরা নির্বাচনি সমঝোতায় অংশ নেব।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ পর্যায়ে মানুষের অভিপ্রায় হচ্ছে ইসলামি সংগঠনগুলো যেন একক প্রার্থী দেয়, অর্থাৎ, একটি অভিন্ন বাক্সে ভোট যায়। এ বিষয়ে সব দলই সচেতন। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তের পরিবেশ তৈরি হয়নি। আবার কিছু সংগঠনের মধ্যে ভিন্ন চিন্তাভাবনাও রয়েছে। তাদের মতে, শুধু ইসলামি সংগঠনগুলো ঐক্যবদ্ধ হলেও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত নাও হতে পারে। এজন্য বিদ্যমান নির্বাচনিব্যবস্থায় বৃহৎ কোনো রাজনৈতিক সংগঠনের সহযোগিতা প্রয়োজন হতে পারে বলে তারা মনে করেন।


thebgbd.com/NIT