ঢাকা | বঙ্গাব্দ

গাজা ছাড়বে না ‘হু’র কর্মীরা

ডব্লিউএইচও এক্সের এক পোস্টে জানায়, ‘ডব্লিউএইচও ও এর সহযোগী সংস্থাগুলো গাজা সিটিতেই থাকবে।’
  • অনলাইন ডেস্ক | ১১ সেপ্টেম্বর, ২০২৫
গাজা ছাড়বে না ‘হু’র কর্মীরা তেদ্রোস আধানোম গ্যাব্রিয়েসুস

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির যেখানে হামালা চালাচ্ছে, সেখান থেকে বুধবার সাধারণ মানুষদের চলে যেতে বলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র বরাত দিয়ে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংস্থাটির কর্মীরা গাজা ছেড়ে কোথাও যাবে না।


জাতিসংঘের এই স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানায়, ‘গাজার সাধারণ নাগরিকদের বলছি- ডব্লিউএইচও ও এর সহযোগী সংস্থাগুলো গাজা সিটিতেই থাকবে।’ ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আক্রমণ বাড়াচ্ছে। এটি গাজা উপত্যকার প্রধান শহর। তাদের উদ্দেশ্য শহরটি দখল করা। এই সপ্তাহে তারা সাধারণ মানুষকে শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা সিটি ও এর আশপাশের এলাকায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস করে। 


জাতিসংঘের এই সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক্স-এর এক পোস্টে লিখেন, ‘বাসিন্দাদের সরে যেতে বলার এই সর্বশেষ নির্দেশে আমরা হতবাক। ইসরায়েল গাজা সিটির ১০ লাখ মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে তথাকথিত ‘মানবিক অঞ্চলে’ চলে যেতে যে নির্দেশ দিয়েছে, তা একেবারেই অযৌক্তিক। ওই অঞ্চলে আগে থেকেই থাকা মানুষের জন্য পর্যাপ্ত জায়গা বা সেবা নেই, নতুনদের জন্য তো একদমই নেই।’


তেদ্রোস বলেন, গাজা উপত্যকার সচল থাকা হাসপাতালগুলোর প্রায় অর্ধেকই গাজা সিটিতে অবস্থিত। এই অঞ্চলের ‘ভাঙা স্বাস্থ্য ব্যবস্থা অবশিষ্ট এই হাসপাতালগুলোকে হারানোর ঝুঁকি নিতে পারবে না।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘ব্যবস্থা নেওয়ার’ আহ্বান জানিয়ে বলেন, গাজায় ‘এই বিপর্যয় মানুষের তৈরি এবং এর দায় আমাদের সবার।’


সূত্র: এএফপি


এসজেড