ঢাকা | বঙ্গাব্দ

বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন যুবক

  • নিজস্ব প্রতিবেদক | ২২ সেপ্টেম্বর, ২০২৫
বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন যুবক ফাইল ছবি

রাজধানীর বংশালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. আমিন (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বংশালের নাজিরা বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল পৌঁনে ১০টার দিকে পথচারীরা আমিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলি সানি গ্রামের বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি বিডিআর ১নং গেট এলাকায় থাকতেন।

আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী জিসান জানান, পুরান ঢাকায় অল্প বৃষ্টি হলেই নাজিরা বাজার এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল সারারাত বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, 'আমিন নামের ওই ব্যক্তি সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা একটি বাঁশ দিয়ে তাকে টেনে দূর থেকে কাছে এনে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, ওই যুবক আর বেঁচে নেই।'

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


thebgbd.com/NIT