সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার এশিয়ার বিভিন্ন দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে জানিয়েছেন, চলমান টুর্নামেন্টে ভারতের পরেই সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। প্রতিটি দলের শক্তি ও দুর্বলতা খতিয়ে দেখে তিনি বাংলাদেশকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রথমে মাঞ্জরেকারের ধারণা ছিল ভারতের পর আফগানিস্তানই হয়তো দ্বিতীয় সেরা দল হতে পারে। আফগানিস্তানের অগ্রগতি ও ধারাবাহিক পারফরম্যান্স সেই বিশ্বাসকে শক্ত ভিত্তি দিয়েছিল। সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুতে ভেবেছিলেন ভারতের পর আফগানিস্তান, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান বা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি অবস্থানে রয়েছে।
তবে সাম্প্রতিক পারফরম্যান্স তার সেই ধারণা বদলে দিয়েছে। বাংলাদেশের ধারাবাহিকতা ও সামগ্রিক পারফরম্যান্স তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। তিনি মনে করেন, শ্রীলঙ্কার বোলিং দুর্বল হলেও বাংলাদেশ প্রায় সব বিভাগেই প্রতিপক্ষকে চাপে ফেলছে। এ কারণেই ভারতের পর বাংলাদেশই দ্বিতীয় সেরা দল।
তার ভাষায়, এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশই দ্বিতীয় সেরা। শ্রীলঙ্কার বোলিং দুর্বল, কিন্তু বাংলাদেশ মোটামুটি সব দিকেই ভালো করছে। বর্তমান ফর্মে বাংলাদেশ ভারতের পরেই এগিয়ে।
এ আলোচনায় মাঞ্জরেকার পাকিস্তানের ক্রিকেট নিয়েও সমালোচনা করেন। তার মতে, পাকিস্তান অন্তত ১৫ বছর পিছিয়ে আছে। বিপরীতে বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে আলাদা আবেগ ও তেজ নিয়ে খেলছে। বিশেষ করে তরুণদের ক্রমোন্নতি তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। পাকিস্তানের সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান এখন দুর্বল, কিন্তু বাংলাদেশের প্যাশন ও অগ্রগতি অনেক বেশি।
thebgbd.com/BYB