ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী নেতা মামুন নিখোঁজ, যা বললেন হাসনাত

কে. এম. মামুনুর রশিদ মামুন তিন দিন ধরে নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ মামুন তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বৈষম্যবিরোধী নেতা মামুন নিখোঁজ, যা বললেন হাসনাত ছবি : সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ মামুন তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ই আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।’


তিনি অভিযোগ করে আরও বলেন, ‘একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।’


হাসনাত বলেন, ‘একইসাথে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নিরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।’



এর আগে নিখোঁজ মামুনের পরিবারের বরাতে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহতাব বাঁধন জানান, গত রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় উত্তরা এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে মামুনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।


তিনি আরও জানান, মামুনের নিখোঁজ হওয়ার বিষয়ে স্থানীয় তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, পিবিআই, সিটিটিসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।


thebgbd.com/NA