ঢাকা | বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

এক ম্যাচ হাতে রেখেই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে তারা।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল ফাইল ছবি

টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এবারই প্রথম টি২০ সিরিজ খেলছে নেপাল। আর প্রথম সিরিজেই লিখে ফেলল স্বর্ণাক্ষরে ইতিহাস। এক ম্যাচ হাতে রেখেই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে তারা। এখন সামনে ধবলধোলাইয়ের হাতছানি।


সোমবার (২৯ সেপ্টেম্বর) শারজায় সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ৯০ রানের দাপুটে জয় পায় নেপাল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৭৩ রান। ইনিংস গড়েন আসিফ শেখ ও সন্দ্বীপ জরা। ৪৭ বলে ৮ চার ও ২ ছয়ে অপরাজিত ৬৮ রান করেন আসিফ, আর ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন জরা।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ারপ্লেতে মাত্র ১৬ রানে দুই উইকেট হারায় তারা। দশ ওভার পার হওয়ার আগেই চার উইকেট পড়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা।


নেপালের বোলারদের সামনে একেবারে অসহায় হয়ে পড়ে দলটি। মোহাম্মদ আদিল আলম ২৪ রানে নেন ৪ উইকেট, আর কুশল ভুর্তেল ৩ উইকেট শিকার করেন মাত্র ১৬ রানে। শেষ পর্যন্ত ১৭ বল হাতে রেখেই ৮৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।


ব্যাট হাতে কেবল জেসন হোল্ডার কিছুটা প্রতিরোধ গড়েছিলেন, করেছিলেন ২১ রান। তবে বাকিদের ব্যাট থেকে উল্লেখযোগ্য কিছু আসেনি।


এর আগে প্রথম টি২০ ম্যাচ ১৯ রানে জিতেছিল নেপাল। আজ মঙ্গলবার একই ভেন্যুতে শেষ ম্যাচে নামবে তারা—লক্ষ্য ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা।


thebgbd.com/NIT