ইরান সোমবার জানিয়েছে, তাদের চিরশত্রু ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বিচার বিভাগের অনলাইন পোর্টাল ‘মিজান’ জানায়, ইরানে জায়নিস্ট শাসনব্যবস্থার অন্যতম প্রধান গুপ্তচর বাহমান চৌবি আসলকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে। গত জুনে ইরান-ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার বিচার বিভাগ জানায়, চৌবি আসল ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করত এবং ইরানের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডাটাবেজে তার ‘বিশেষ প্রবেশাধিকার’ ছিল। তবে তাকে কবে গ্রেপ্তার করা হয়, তা জানানো হয়নি।
৯ আগস্ট ইরানি বিচার বিভাগ জানায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আটক ২০ জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কয়েক দিন আগে রুজবেহ ভাদি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সংঘাত চলাকালে এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করেন।
সূত্র: এএফপি
এসজেড