একটা পার্টির ‘নোট অব ডিসেন্ট’ জাতির ভবিষ্যৎ তৈরিতে বাধা হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের বিরতিতে তিনি বলেন, একটি দল বেশি নোট অব ডিসেন্ট দিয়েছে। তারা যদি সংস্কার মানেন, তাহলে এই নোট অব ডিসেন্ট তাদের রাখার কথা না।
তাহের বলেন, দল ক্ষমতায় এলে তখন তারা ভেবে দেখবে তাদের নোট অব ডিসেন্ট নিয়ে।
এর আগে তিনি বলেন, কিছু বিষয়ে মতভেদ রয়েছে। গণভোট কখন হবে, তা নিয়ে দ্বিমত রয়েছে। গণভোট আলাদা বিষয়৷ তাই গণভোট নির্বাচনের আগে হতে হবে। গণভোটের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হবে। দুটো নির্বাচন একসাথে হলে ভালোর চেয়ে মন্দ বেশি।
জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনের দিন যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গণভোটও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তাই নভেম্বরের মধ্যেই গণভোটটি হয়ে যাওয়া উচিত।
thebgbd.com/NIT