ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রতিটি মুহূর্তে উচ্চ শুল্কের হুমকি দেওয়া চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের সঠিক পন্থা নয়।’
  • অনলাইন ডেস্ক | ১২ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য লড়াই।

মার্কিন যক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ এনেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানিয়েছে চীন। অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাসঙ্গিক বিবৃতি ‘দ্বৈত নীতি’র একটি আদর্শ উদাহরণ। খবর বার্তা সংস্থা এএফপি’র।


শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, তিনি বিরল খনিজ পদার্থের বিষয়ে খুবই আগ্রহী। তিনি নতুন চীনা রপ্তানি নিষেধাজ্ঞার জবাবে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবেন, যা ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এছাড়াও তিনি এই মাসের শেষের দিকে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিল করারও হুমকি দিয়েছেন।


রোববার বেইজিংয়ের পক্ষে জানানো হয়, সেপ্টেম্বর থেকে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করছে, যা চীনের স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপগুলো উভয় পক্ষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করেছে। ‘প্রতি মুহূর্তে উচ্চ শুল্কের হুমকি দেওয়া চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের সঠিক পন্থা নয়।’


সূত্র: এএফপি


এসজেড