জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শন ও অতীত আচরণের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র এবং জাতীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা (জামায়াত) যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।
তিনি তার দলের আদর্শ তুলে ধরে বলেন, এনসিপি ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাসী, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই স্বাধীনতা কোনো ধরনের ষড়যন্ত্রের ঢাল হতে পারে না।
এনসিপি'র এই নেতা প্রশাসনের বিভিন্ন স্তরে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিরোধের অঙ্গীকার করেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কওমী, সুন্নী, হিন্দু, তরুণ এবং প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে থাকার এক অটুট বন্ধনে যুক্ত।
শহীদদের রক্তের সঙ্গে মিশে থাকা এবং মুক্তিযুদ্ধের আহ্বানে ধ্বনিত এই মাটিতে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা। বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-ওলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।
‘জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, তাদের দর্শন স্বাধীনতার পরিপন্থী’
তবে শেষ অংশে তিনি মানবতার রাজনীতির ওপর জোর দিয়ে বলেন, তবু আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমরা দরজা খোলা রাখি। যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে।
স্ট্যাটাসের শেষের দিকে তিনি বলেন, এই দেশ কারও শত্রুতা নয় — এই দেশ সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার, এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান।
thebgbd.com/NIT