গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিশনে ইসরাইলে ‘স্বল্পসংখ্যক’ বৃটিশ সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার (সিএমসিসি)-এ যুক্তরাজ্যের কয়েকজন পরিকল্পনা কর্মকর্তা যুক্ত হয়েছেন।’ তাদের মধ্যে একজন এই অভিযানের ডেপুুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে বৃটেন এই প্রচেষ্টায় ‘নোঙরের ভূমিকা’ পালন করবে। সোমবার লন্ডনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারি। যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে আমরা একজন প্রথম সারির, টু-স্টার কর্মকর্তাকে বেসামরিক ও সামরিক কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করেছি। সুতরাং, বৃটেন একটি নোঙরের ভূমিকা পালন করবে।’
সূত্র: এএফপি
এসজেড