ঢাকা | বঙ্গাব্দ

দেশে টানা পাঁচদিন ভারী বৃষ্টির আভাস

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ অক্টোবর, ২০২৫
দেশে টানা পাঁচদিন ভারী বৃষ্টির আভাস ফাইল ছবি

দেশজুড়ে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী দুই দিন দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।


আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।


শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও সিলেটের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা আছে।


বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সময়ের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে।


এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। উপকূল অতিক্রমের পর এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়, পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যেতে পারে।


thebgbd.com/NIT