ইসরায়েল রোববার তাদের সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এর একদিন আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় দেশটিতে চারজন নিহত হয়েছেন। ২০২৪ সালের নভেম্বর মাসে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, ‘হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে, আর লেবাননের প্রেসিডেন্ট গড়িমসি করছেন। লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র এবং লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। সর্বোচ্চ বল প্রয়োগ অব্যাহত থাকবে এবং হামলা আরও জোরদার হবে। আমরা উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য কোনো হুমকি সহ্য করব না।’
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ ‘পুনরায় অস্ত্র সংগ্রহের’ চেষ্টা করছে। রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমরা আশা করি, লেবানন সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করবে— হিজবুল্লাহকে নিরস্ত্র করবে। তবে এটা স্পষ্ট, আমরা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব। আমরা লেবাননকে আমাদের বিরুদ্ধে নতুন ফ্রন্টে পরিণত হতে দেব না এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেব।’
সূত্র: এএফপি
এসজেড