ঢাকা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া-তারেক রহমানের মনোনয়নে নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ নভেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়া-তারেক রহমানের মনোনয়নে নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছবি : সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণার পরপরই বগুড়ায় আনন্দ মিছিল ও সমাবেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে শহরজুড়ে মিছিল বের করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে বগুড়া বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে বেগম খালেদা জিয়া বগুড়ার দুটি আসনে (বগুড়া-৬ ও বগুড়া-৭) প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন এবং কখনো পরাজিত হননি। এবারের নির্বাচনে একই জেলার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতা নিশ্চিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

মনোনয়ন ঘোষণার পর বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রেজাউল করিম বাদশা বলেন, এই মনোনয়ন বগুড়ার সর্বস্তরের মানুষের জন্য আনন্দের সংবাদ।

তিনি জানান, মনোনয়ন ঘোষণার পরপরই তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বগুড়াবাসী সর্বোচ্চ ভোটের ব্যবধানে খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ী করবে। আমরা বিশ্বাস করি, বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ও প্রধানমন্ত্রী হবেন।

এছাড়া বগুড়ার অন্যান্য আসনেও বিএনপির চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন—বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মো. সিরাজ। তবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

thebgbd.com/NA