বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ১০ বলা হয়। আজ বুধবার পুলিশ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সারায়েভো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার রাতে আগুন লাগার পর সারায়েভো থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত তুজলার ওই নার্সিংহোমের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এখনো ৩০ জন হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে দমকল বাহিনীর পাঁচজন কর্মী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছে।
মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে তুজলা শহরের নার্সিংহোম ভবনের সপ্তম তলায় আগুন লাগে এবং নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টা সময় লাগে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দাদের অনেকে শয্যাশায়ী এবং অসুস্থ ছিলেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, নার্সিংহোম ভবনের উপরের তলার জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড