প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পিনাকী ভট্টাচার্য নিজেই তাঁর ফেসবুক পেজে এই অভিযোগ করেছেন এবং ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন।
ঘটনার ভিডিও আপলোড করে পিনাকী ভট্টাচার্য একটি দীর্ঘ পোস্টে তাঁর নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।
তিনি পোস্টে লেখেন, “আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়।... বাসায় আমার বৃদ্ধা মা থাকেন।... আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, “আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বগুড়া সদর থানা পুলিশ পিনাকী ভট্টাচার্যের জলেশ্বরীতলার বাড়িতে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন মুখোশধারী এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন ধরিয়ে দরজার সামনে ফেলে চলে যায়। ঘটনাস্থলে সেই পোড়া পলিথিনের টুকরোটি পাওয়া গেছে। এটি বড় কোনো ঘটনা নয়, যদিও অভিযোগকারী এর মাধ্যমে ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেছেন।”
তিনি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তাঁর পরিবার বগুড়ার ওই বাসাতেই থাকে। এ বিষয়ে তাঁর মা সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
thebgbd.com/NA