ঢাকা | বঙ্গাব্দ

১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল

পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।
  • অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর, ২০২৫
১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল ক্যালিফোর্নিয়ার ড্রাইভিং লাইসেন্স।

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অডিটে অনিয়ম ধরা পড়ায় প্রায় ১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) বাতিল করেছে দেশটির পরিবহন কতৃপক্ষ। অডিটে দেখা গেছে, এসব লাইসেন্স প্রাপ্তদের বেশিরভাগেরই যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি নেই। 


যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এসব লাইসেন্স ‘বেআইনিভাবে’ এমন বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছে, যাদেরকে তারা ‘বিপজ্জনক’ বলে আখ্যা দিচ্ছে। সংশ্লিষ্ট চালকদের জানিয়ে দেওয়া হয়েছে— ৬০ দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে।


মূলত গত আগস্টে ফ্লোরিডায় অবৈধভাবে বসবাসরত এক ভারতীয় চালকের ট্রাক চাপায় তিনজন নিহত হওয়ার পর থেকেই বাণিজ্যিক ট্রাক ও বাস চালনায় অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে পদক্ষেপ আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। 


মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, ‘এটা কেবল শুরু। ক্যালিফোর্নিয়ায় সেমি-ট্রাক ও স্কুলবাসের স্টিয়ারিংয়ের পেছনে থাকা প্রতিটি অনিয়মিত অভিবাসীকেও সরিয়ে দেওয়া হবে।’ তবে পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।


নিউজমের কার্যালয় বলছে, যাদের লাইসেন্স বাতিল হচ্ছে, তাদের সবারই তখন বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিট ছিল। এছাড়া নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ওই ১৭ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, তাই এগুলো সেই নিয়ম ভঙ্গ করে না।


লজিস্টিকস ও পরিবহন প্রতিষ্ঠান ফ্রেমন্ট কনট্র্যাক্ট ক্যারিয়ারস-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম সমুদ্রবন্দর এবং সবচেয়ে বড় কৃষি উৎপাদনভিত্তিক অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রাকচালক বসবাস করেন।


সূত্র: এএফপি


এসজেড