ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ নভেম্বর, ২০২৫
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ ফাইল ছবি

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের বাইরে থাকা সাইনবোর্ডটি পুড়ে গেছে। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার বারোতোপা এলাকায় মাওনা-শ্রীপুর শাখায় এ ঘটনা ঘটে।


প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রতিদিনের কাজ শেষে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত আড়াইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান কর্মকর্তারা। এ সময় মূল ফটকে আগুন দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।


তিনি আরও বলেন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি।


ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


thebgbd.com/NIT