ঢাকা | বঙ্গাব্দ

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন যে পুরান ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ নভেম্বর, ২০২৫
পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান ছবি : সংগৃহীত।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন যে পুরান ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।


শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই উদ্বেগের কথা জানান।


রাজউক চেয়ারম্যান বলেন, অপরিকল্পিতভাবে এই এলাকায় নির্মাণ কাজ হয়েছে। তিনি উল্লেখ করেন, “এখানে কোনো প্ল্যান ছাড়া এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি করা হয়েছে।”


তিনি আরও জানান, যারা জোর করে নকশা ছাড়া নির্মাণ করছে, তাদের বিরুদ্ধে রাজউক ব্যবস্থা নিচ্ছে। “এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান দিই না। যারা জোর করে করতেছে, আমরা তাদের মিটার কেটে দিচ্ছি। তারপরও আবার চোরাই মিটার নিয়ে বা জেনারেটর দিয়ে তারা (নির্মাণকাজ) করতেছে,” বলেন তিনি।


সম্প্রতি ভূমিকম্পে রাজধানীর কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির বিষয়ে রাজউক চেয়ারম্যান কঠোর মনোভাব দেখান। তিনি বলেন, “ওই ভবনটির নকশা আগামী সাত দিনের মধ্যে দেখাতে ব্যর্থ হলে ভবনটি সিলগালা করে দেওয়া হবে।”


ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান, রাজউক পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন করে পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে।


thebgbd.com/NA