ঢাকা | বঙ্গাব্দ

ভিনিসিউস ও আলনসোকে ঘিরে রিয়ালে অস্থিরতা

সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলিয়ান উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০২৫
ভিনিসিউস ও আলনসোকে ঘিরে রিয়ালে অস্থিরতা ফাইল ছবি

কোচ শাবি আলনসোর সঙ্গে ভিনিসিউস জুনিয়রের সম্পর্কের অবনতিতে গৃহদাহ শুরু হয়েছে রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলিয়ান উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। দ্য অ্যাথলেটিক-এর সাংবাদিক মারিও কোর্তেগানার দাবি, গত অক্টোবর মাসেই ভিনিসিউস রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়ে দিয়েছেন যে, কোচ আলনসোর সঙ্গে তার কঠিন সম্পর্ক ঠিক না হওয়া পর্যন্ত তিনি নতুন চুক্তিতে সই করবেন না।


গত ২৬ অক্টোবর বার্সেলোনার বিরুদ্ধে ২-১ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে তুলে নেওয়া হলে ভিনিসিউস ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে তিনি সমর্থক, সতীর্থ, ক্লাব ও পেরেজের কাছে ক্ষমা চান। তবে তার বক্তব্যে আলনসোর নাম ছিল না।


এল ক্লাসিকোতে মাঠ ছাড়ার সময় এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে বলতে শোনা যায়, 'মনে হয়, আমার চলে যাওয়াই ভালো।'


এর পরের তিন ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন, কিন্তু গত রোববার (২৩ নভেম্বর) এলচের বিপক্ষে ২-২ ড্র ম্যাচের স্কোয়াডে তাকে রাখেননি আলনসো।


ভিনিসিউসের বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। নতুন চুক্তি নিয়ে চলতি বছরের জানুয়ারিতে আলোচনা চলেছিল, কিন্তু দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় আলোচনা থেমে যায়। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান এখন মনে করছেন, আলনসো তার সঙ্গে অন্যায় আচরণ করছেন। আর এটাই তার রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে।


এছাড়াও বেতন নিয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। বর্তমানে ভিনিসিউস ট্যাক্স কাটার পর বছরে প্রায় ১৮ মিলিয়ন ইউরো পান। ২০২৫ সালের শুরুতে রিয়াল মাদ্রিদ তা বাড়িয়ে তাকে বছরে ২০ মিলিয়ন ইউরো নিট বেতন প্রস্তাব করে—যা তিনি প্রত্যাখ্যান করেন।


ক্লাব এরপর ভিনিসিউসের প্রতিনিধিদের নতুন প্রস্তাব দিতে বলে। তার প্রতিনিধিরা—সম্ভবত সৌদি প্রো লিগের মোটা অঙ্কের প্রস্তাবের বিষয়টি মাথায় রেখে বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো দাবি করে, যেখানে মূল বেতন, পারফরম্যান্স বোনাস ও পুনঃনবায়নের বোনাস অন্তর্ভুক্ত।


রিয়াল মাদ্রিদের ইতিহাসে কোনো খেলোয়াড়কে এত বড় প্যাকেজ কখনো দেওয়া হয়নি। এটি মেনে নিলে তা ক্লাবটির সর্বকালের সবচেয়ে দামি চুক্তিতে পরিণত হবে। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের চুক্তির চেয়েও বড় হবে।

 

আরও পড়ুন: সতীর্থকে চড় মারাতে খারাপ কিছু দেখছেন না এভারটন কোচ


চলতি মৌসুম শুরুর সময় দুই পক্ষ আবার আলোচনায় বসলেও তাও আটকে যায়। এখন আলনসোর সঙ্গে সম্পর্কের অবনতি নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে।


২০২৪ সালের আগস্ট থেকেই ভিনিসিউস নিয়মিতভাবেই ট্রান্সফার আলোচনার খবরে উঠে আসছিলেন। তার প্রতিনিধিরা নাকি সৌদি প্রো লিগে সম্ভাব্য এক চুক্তি নিয়ে আলাপ করেছিলেন, যেখানে বার্ষিক বেতন হতে পারে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো।


thebgbd.com/NIT