রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) এবং চট্টগ্রাম নগরের দুই পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে দুটি স্থানে এ পৃথক আগুন লাগার ঘটনা ঘটে।
ঢাকায় পিজি হাসপাতালে আগুন লাগে বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শাহবাগ ফুটওভার ব্রিজের পাশ থেকে ভবনটির ধোঁয়া দেখা গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে ১৫০০ ঘর-বাড়ি পুড়ে যায় এবং সোয়া পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ দিকে একই দিন সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলির এইচবি পোশাক কারখানার নিচতলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। এদিন সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল একটি ছয়তলা ভবন এবং আগুনে কেউ হতাহত হয়নি।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার আরেকটি পোশাক কারখানার গুদামেও আগুন লাগে, যা কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
thebgbd.com/NIT