ঢাকা | বঙ্গাব্দ

১৩৫৫ খেলোয়াড়ের তালিকায় নেই ম্যাক্সওয়েল

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল মিনি নিলামের জন্য মোট ১ হাজার ৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ ডিসেম্বর, ২০২৫
১৩৫৫ খেলোয়াড়ের তালিকায় নেই ম্যাক্সওয়েল ছবি : সংগৃহীত।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল মিনি নিলামের জন্য মোট ১ হাজার ৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ হাজার ৬২ জন ভারতীয় ও ২৯৩ জন বিদেশি খেলোয়াড়। তবে সবচেয়ে বড় বিস্ময়—১৩ মৌসুমে ১৪১ ম্যাচ খেলা অভিজ্ঞ অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল নেই তালিকায়।


ক্রিকবাজের পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগারওয়াল, কে.এস. ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণোই, আকাশ দীপ, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, সরফরাজ খান, পৃথ্বী শ এবং উমেশ যাদবসহ উল্লেখযোগ্য নাম রয়েছে।


কেন নেই ম্যাক্সওয়েল?


ইনস্টাগ্রামে ম্যাক্সওয়েল জানিয়েছেন, ‘অনেক স্মরণীয় আইপিএল মৌসুমের পর এ বছর নিলামে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই লিগ আমাকে যেটুকু দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’


তিনি আরও লেখেন, ‘আইপিএল আমাকে একজন ক্রিকেটার ও মানুষ হিসেবে গড়ে তুলেছে। অসাধারণ সতীর্থদের সঙ্গে খেলা এবং ভারতীয় দর্শকদের ভালোবাসা—এসব আমি কখনো ভুলব না।’


নিলামে অস্ট্রেলিয়া থেকে ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথসহ অনেকেই রয়েছেন। এমনকি নিজের বিয়ের কারণে অনিশ্চিত হলেও জোশ ইংলিস নাম দিয়েছেন বলে জানা গেছে।


তালিকায় আরও আছেন ইংল্যান্ডের জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবিন্দ্র, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা প্রমুখ।


মোট ২১২ জন ক্যাপড, ১ হাজার ১২১ জন আনক্যাপড এবং ২২ জন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড় আছেন তালিকায়।


১৬ জন ভারতীয় ক্যাপড ক্রিকেটারের মধ্যে কেবল রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আইয়ারের বেস প্রাইস সর্বোচ্চ কোটি রুপির।


বিদেশিদের মধ্যে মোট ৪৩ জনের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এই তালিকার মধ্যে আছেন গ্রিন, স্টিভ স্মিথ, মুজিব, নাভিন উল হক, লিয়াম লিভিংস্টোন, রাচিন রবিন্দ্র, ডেভন কনওয়ে, কোয়েটজি, নর্টজে, পাথিরানা, হাসারাঙ্গা প্রমুখ।


এদিকে আইপিএল অভিজ্ঞ বাংলাদেশের সাকিব আল হাসান নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি। আর মোস্তাফিজুর রহমানের বেস প্রাইস রয়েছে ২ কোটি রুপি।


এই নিলামে ১৪টি দেশ থেকে খেলোয়াড়রা নাম দিয়েছেন। দেশগুলো হলো-আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং মালয়েশিয়া।


thebgbd.com/NA