চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৫ মাসে রপ্তানি আয় এসেছে ২ হাজার ২ কোটি ৮৫ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬২ শতাংশ বেশি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ০.৬২ শতাংশ। আর বিগত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলার।
তৈরি পোশাক খাত
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৩ কোটি ১৩ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ১ হাজার ৬১১ কোটি ৭১ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ৮৮৫ কোটি ৬২ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ১ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে এ আয় ছিল ৮৯৪ কোটি ৫৫ লাখ ডলার।
এছাড়া ৭২৭ কোটি ৫০ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে এ আয় ছিল ৭১৭ কোটি ১৬ লাখ ডলার।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৫৪ লাখ ডলারে।
আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। জুলাই-নভেম্বর মাসে রপ্তানি হয়েছে ৫১ কোটি ২৪ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। তবে কৃষি পণ্যের রপ্তানি আয় ৬ দশমিক ৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬ কোটি ১৬ লাখ ডলারে।
এদিকে সদ্যবিদায়ী নভেম্বর মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৮৯ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ।
thebgbd.com/NIT