মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে পড়ে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশের একটি রেলওভার ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, মেলা শেষে ডেকোরেশনের মালামাল, ব্যবসায়ীদের পণ্য ও শ্রমিক নিয়ে ট্রাকটি কুমিল্লা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা চালকসহ ৯ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রথমে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় এবং তাদের বাড়ি ভাঙ্গা এলাকায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ওই লেনে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সমন্বিত প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মূলত অতিরিক্ত কুয়াশায় সামনের পথ স্পষ্ট না দেখতে পাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
thebgbd.com/NA