ঢাকা | বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় মার্কিন বিমান হামলা

শনিবার স্থানীয় সময় রাত ২টা নাগাদ শহরের ওপর দিয়ে বিমান উড়ার শব্দের সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
  • অনলাইন ডেস্ক | ০৩ জানুয়ারি, ২০২৬
ভেনিজুয়েলায় মার্কিন বিমান হামলা হামলার পর তোলা ছবি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসব্যাপী হুমকির পর ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সিরিজ বিমান হামলা হয়েছে। কারাকাসে একাধিক বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘গুরুতর সামরিক আগ্রাসনের’ অভিযোগ তুলেছে ভেনিজুয়েলা। শনিবার ভোররাতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ফক্স নিউজ ও সিবিএস নিউজসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলের দেশ ভেনিজুয়েলায় সামরিক হামলা চালাচ্ছে। এ ঘটনায় পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়ে ওঠে, যা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দেশটির অধিবাসীর মধ্যে আশঙ্কা ছিল। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।


এএফপির এক সাংবাদিক জানান, শনিবার স্থানীয় সময় রাত ২টা নাগাদ শহরের ওপর দিয়ে বিমান উড়ার শব্দের সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানীর উত্তরে লা গুয়াইরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানেই কারাকাসের বিমানবন্দর ও সমুদ্রবন্দর অবস্থিত।


বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এক বিবৃতিতে জানায়, ভেনিজুয়েলা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ভেনিজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার কর্তৃক সংঘটিত চরম গুরুতর সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ঘটনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন।


এদিকে প্রতিবেশী দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট হামলার ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠক আহ্বান করেছেন। বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, বিশ্ববাসীকে সতর্ক করছি— তারা ভেনিজুয়েলায় হামলা চালিয়েছে। 


হামলা শুরু হওয়ার পর কারাকাসজুড়ে চরম বিভ্রান্তি দেখা দেয়। অনেক মানুষ গভীর রাতে জানালা ও ছাদে ছুটে গিয়ে কী ঘটছে তা বোঝার চেষ্টা করেন। পূর্ব কারাকাসে বসবাসকারী ২৯ বছর বয়সি যোগাযোগকর্মী ফ্রান্সিস পেনা এএফপিকে জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। তার বান্ধবী তাকে জাগিয়ে বলেন, বোমা পড়ছে।


পেনা বলেন, বিস্ফোরণ দেখতে পাচ্ছি না, তবে বিমানের শব্দ শুনতে পাচ্ছি। আমরা ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র—পাসপোর্ট, কার্ড, নগদ টাকা, মোমবাতি, এক সেট কাপড় ও খাবার একটি ব্যাগে গুছিয়ে নিতে শুরু করেছি।


সূত্র: এএফপি


এসজেড