ভারতীয় কিছু উগ্রপন্থীদের তোপের মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনার প্রতিক্রিয়ায় এবার ভারতে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্পষ্ট বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৩ জানুয়ারি) দেয়া বিবৃতিতে বিসিবি আইসিসির কাছে আবেদন করেছে, বাংলাদেশের ম্যাচের ভেন্যু যেন ভারতের বাইরে সরিয়ে নেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।'
'পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।'
'এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়।'
'পর্ষদের বিশ্বাস, এই পদক্ষেপটি বাংলাদেশের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে অত্যন্ত জরুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।’
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে বাঁহাতি পেসার মুস্তাফিজকে ৯ কোটি ২০ লক্ষ রুপি রেকর্ড মূল্যে দলে ভেড়ায় কেকেআর। তবে দেশটির কিছু উগ্রপন্থি ও রাজনৈতিক নেতাদের চাপের পর বিসিসিআইয়ের পরামর্শে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা। বিষয়টি নিয়ে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশে।
মুস্তাফিজের পুরো ঘটনাই প্রভাব ফেলেছে ভারতে ৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। শনিবার রাত থেকেই বিষয়টি নিয়ে বৈঠক করছে বিসিবি। এরই মধ্যে বিশ্বকাপে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।
thebgbd.com/NA