বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের কাছ থেকে স্লোয়ার শিখতে চান নিউজিল্যান্ডে ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার জিমি নিশাম। সময়ের সাথে অনেক বোলারের অস্ত্রের কার্যকারিতা কমলেও এখনো আগেম মতোই সমান কার্যকর এই টাইগার পেসারের স্লোয়ার।
সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে মোস্তাফিজের সাথেই অনুশীলন করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। সেখানে ফিজের বিখ্যাত স্লোয়ার শিখতে চেষ্টা করলেও অল্প সময়েই নিশাম বুঝতে পারেন যে, এই ধরনের ডেলিভারির জন্য তার হাত উপযুক্ত নয়।
বর্তমানে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে বাংলাদেশে এসে মোস্তাফিজকে নিয়ে প্রশংসা করেন নিশাম। তিনি বলেন, মোস্তাফিজুর রহমান একজন অসাধারণ বোলার। আইপিএল নিলামেই তার চাহিদা যে কতটা বেশি, তা বোঝা যায়।
তিনি আরও বলেন, আমি তার কাছ থেকে স্লোয়ার শিখতে চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাত এ ধরনের ডেলিভারি করার জন্য উপযুক্ত নয়।
সামনেই রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ দলের দক্ষতা নিয়ে কথা বলতে গিয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহাসিক ম্যাচের কথা স্মরণ করেন নিশাম, যেখানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।
নিশাম বলেন, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় দিয়েছিল। সাকিব ও রিয়াদের সেই জুটি ছিল অসাধারণ।
কিউই এই তারকা বলেন, বড় টুর্নামেন্টে বাংলাদেশ সবসময়ই একটি বিপজ্জনক দল।
thebgbd.com/NIT