ঢাকা | বঙ্গাব্দ

দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী : সেনাপ্রধান

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারি, ২০২৬
দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী : সেনাপ্রধান ফাইল ছবি

সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে ‘বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিএনসিসি কর্মকর্তা এবং ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


সেনাপ্রধান তার বক্তব্যে দেশের নিরাপত্তা রক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে ক্যাডেটদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি এই সংস্থার সব সদস্যকে অভিনন্দন জানান।


কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT