যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার তিনি এ কথা বলেন। তবে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি ‘বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে’। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে ট্রাম্প বারবার ইরানি জনগণের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছেন, এ সব দমন অভিযানে এখন পর্যন্ত ইরানে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছে। হোয়াইট হাউসের এক অপ্রত্যাশিত ঘোষণায় ট্রাম্প বলেন, ‘অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে তিনি আশ্বাস পেয়েছেন, হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না।
তিনি আরও বলেন, ‘তারা বলেছে, হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং ফাঁসিও কার্যকর করা হবে না। আজ অনেক ফাঁসির কথা ছিল, কিন্তু তা হবে না। আমরা বিষয়টি যাচাই করে দেখব।’ তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি এবং বলেন, যুক্তরাষ্ট্র এখনো এ সব দাবি যাচাই করেনি। ওভাল অফিসে এএফপি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখনো বাতিল হয়নি। তিনি বলেন, ‘আমরা দেখব এবং পর্যবেক্ষণ করব।’
সূত্র: এএফপি
এসজেড