ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের ২ কোটির বেশি ভিডিও ডিলিট করেছে টিকটক

  • নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশের ২ কোটির বেশি ভিডিও ডিলিট করেছে টিকটক ফাইল ছবি

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে ২ কোটি ৭ লাখের বেশি ভিডিও অপসারণ করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ডিজিটাল নিরাপত্তা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রতিষ্ঠানটি তাদের স্বয়ংক্রিয় প্রযুক্তি ও মানব যাচাই ব্যবস্থার সমন্বয়ে এই পদক্ষেপ নিয়েছে।


জানা যায়, এই তিন মাসে বাংলাদেশ থেকে মোট ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও সরানো হয়েছে। এর মধ্যে ৯৯ দশমিক ৮ শতাংশ ভিডিও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে এবং ৯৭ দশমিক ৩ শতাংশ ভিডিও মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলা হয়েছে।


বিশ্বজুড়ে এই একই সময়ে প্রায় ২০ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৯৩২টি ভিডিও অপসারণ করেছে টিকটক। এটি প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় ০ দশমিক ৭ শতাংশ। তবে ভুলবশত শনাক্ত হওয়ায় প্রায় ৯০ লাখ ভিডিও যাচাই শেষে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।


এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে প্রায় ১১ কোটি ৮৬ লাখ ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী হিসেবে শনাক্ত হওয়ায় আরও ২ কোটি ২২ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।


টিকটকের প্রতিবেদনে ভিডিও সরানোর প্রধান কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে। মোট অপসারিত ভিডিওর ৩২ দশমিক ৯ শতাংশ ছিল বিভ্রান্তিকর তথ্যের জন্য। ৩৪ দশমিক ৪ শতাংশ ভিডিও ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা এডিট করা, যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে। প্রায় ৩০ শতাংশ ভিডিও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরানো হয়েছে। এছাড়া

নিরাপত্তা বিধি ও গোপনীয়তা লঙ্ঘনের কারণে বাকি ভিডিওগুলো অপসারণ করা হয়।


নিরাপদ ও বিশ্বাসযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে টিকটক প্রতিশ্রুতিবদ্ধ। তাদের এই ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’ এখন থেকে তাদের ট্রান্সপারেন্সি সেন্টারে বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় পাওয়া যাবে।


thebgbd.com/NIT