আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে সৃষ্ট বিতর্ক এখন আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। মোস্তাফিজের চুক্তি বাতিলের জেরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত সফর বাতিলের অনুরোধ করেছিল বাংলাদেশ। আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
ক্রিকেট বিশ্বের এই অস্থির পরিস্থিতিতে মুখ খুলেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মোস্তাফিজের আইপিএল চুক্তি বাতিলকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “সত্যি বলতে, এটা খুবই লজ্জাজনক যে খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি না কলকাতার হয়ে মোস্তাফিজের আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিত ছিল।”
তবে বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কিছুটা 'অতিরঞ্জিত' বলে মন্তব্য করেন তিনি। থারুর আরও যোগ করেন, “পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সংহতি দেখানোর চেষ্টা করছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমাদের বোঝা উচিত ক্রিকেট মানুষকে একত্রিত করার মাধ্যম হওয়া উচিত। আইসিসি-র উচিত দ্রুত একটি প্ল্যাটফর্ম তৈরি করে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনার ব্যবস্থা করা।”
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংকটে আইসিসি-র অনড় অবস্থান এবং পাকিস্তান-ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আসন্ন বিশ্বকাপের জৌলুস ও সমীকরণ এখন খাদের কিনারে।
thebgbd.com/BYB