ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক আলোচনা দেশের ‘জাতীয় স্বার্থের’ কাঠামোর মধ্যেই এগোবে। তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, হুমকি ও অযৌক্তিক প্রত্যাশা থেকে মুক্ত উপযুক্ত পরিবেশ তৈরি হলে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক আলোচনার পথে এগোনোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
কোনো চুক্তি না হলে ‘খারাপ কিছু ঘটতে পারে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেয়ার পর তিনি এ মন্তব্য করেন। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠায়। ট্রাম্প বলেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে ‘কোনো একটি সমাধানে পৌঁছানো সম্ভব’ বলে আশা করছে। তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে ‘খারাপ কিছু ঘটবে’।
সূত্র: এএফপি
এসজেড