ঢাকা | বঙ্গাব্দ

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের ছবি : সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে, ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ নন।


তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, আহতের সংখ্যা আরও বেশি এবং বিভিন্ন সময়ে অন্তত ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তারা।


সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান নেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


thebgbd.com/NA